Logo
Logo
×

বাংলাদেশ

চার জেলায় সড়ক অবরোধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৫৮ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে বাধা দেয় পুলিশ। আজ দুপুরে

টানা ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। রাজধানী ঢাকাসহ উত্তরা, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়ায় আন্দোলনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ছিল অমানবিক। পাশাপাশি পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে একাধিক ভুল এবং প্রশ্নের অতিরিক্ত কঠিন মান নিয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, অভিন্ন প্রশ্নপত্রের মান আগের বছরের তুলনায় অনেক বেশি কঠিন হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও

বেলা পৌনে তিনটার দিকে বকশীবাজারে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সেখানে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থী ইট নিক্ষেপ করেন এবং শিক্ষা বোর্ডের প্রধান ফটকে ধাক্কাধাক্কি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। এর আগে সকালে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। এরপর নীলক্ষেত ও পলাশী হয়ে তারা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে অবস্থান নেন।

উত্তরায় মহাসড়ক অবরোধ

রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সায়েন্স ল্যাবে এক ঘণ্টার অবরোধ

সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মিরপুর সড়কের সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীদের একটি অংশ ঢাকা কলেজের সামনে এবং অন্য অংশ টিএসসির দিকে চলে গেলে সড়কে স্বাভাবিক যান চলাচল শুরু হয়।

ঢাকা সিটি কলেজ, ঢাকা আইডিয়াল কলেজ, সরকারি বাঙলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, রাজারবাগ পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, বিএফ শাহীন কলেজসহ অন্তত ১২ থেকে ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ চলাকালে তারা "দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ", "আপস নয়, সংগ্রাম"সহ বিভিন্ন স্লোগান দেন।

বরিশালে মহাসড়ক অবরোধ

দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

বগুড়ায় সমাবেশ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বগুড়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং শিক্ষাসচিবের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতমাথা এলাকা থেকে শুরু হওয়া মিছিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

কুমিল্লায় শিক্ষা বোর্ডে বিক্ষোভ

'কুমিল্লার সচেতন শিক্ষার্থী সমাজ' ব্যানারে নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে তারা কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। সমাবেশে তিন দফা দাবি তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা।

ময়মনসিংহে মহাসড়কে ব্যারিকেড

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। ফলে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।


ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন