রাজধানীকে বাসযোগ্য নগর গঠনে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১১:৩১ পিএম
অনুষ্ঠানে অতিথিবৃন্দ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাজধানী ঢাকা নগরকে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৫ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা আমার আপনার সকলের দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।
সেমিনারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা দীর্ঘদিনের। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র হওয়ায় রাজধানীতে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। ফলে নগর ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণ। সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলেই বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক, কার্যকর ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সরকার, সিটি করপোরেশন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, আগামীতে যাতে অতি বৃষ্টিপাতের ফলে নগরীর কোথাও জলবদ্ধতা তৈরি না হয় সেজন্য উত্তর সিটি কর্পোরেশন অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করবে । ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন ২৯ টি খাল দখলমুক্ত করে খাল গুলো খনন ও সংস্কার করে পানির প্রবাহ রাখতে হলে সকল নাগরিকের সহযোগিতা প্রয়োজন । প্রশাসক সকল নাগরিককে নিজ নিজ দায়িত্ব থেকে ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান জানান ।
প্রশাসক মোঃ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন , বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ, বিজিএমইএ (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি) সভাপতি মাহমুদ হাসান খান,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলো সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
