দেশের সাংবাদিকদের মিডিয়া অ্যাওয়ার্ড দেবে চীন, পুরস্কার সর্বোচ্চ ১ লাখ টাকা
ঢাকা টুডে ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ এএম
চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে স্বীকৃতি দিতে বাংলাদেশের সাংবাদিকদের জন্য আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ীদের সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১০ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করা যাবে।
বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা ও মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ২০২৫ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশের নিবন্ধিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও কনটেন্ট প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে।
চারটি বিভাগে দেওয়া হবে এ পুরস্কার। বিভাগগুলো হলো—কূটনীতি ও অর্থনীতি; প্রযুক্তি, স্বাস্থ্য ও শিক্ষা; সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য; এবং আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট।
প্রতিটি বিভাগে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হবে ১ লাখ টাকা। দ্বিতীয় পুরস্কার পাবেন দুজন, প্রত্যেকে ৫০ হাজার টাকা করে। এ ছাড়া তৃতীয় পুরস্কার হিসেবে তিনজন পাবেন ৩০ হাজার টাকা করে। পাশাপাশি জমা পড়া কনটেন্টের মধ্যে সর্বোচ্চ ভিউ পাওয়া কনটেন্টের জন্য থাকছে ১ লাখ টাকার বিশেষ পুরস্কার।
আয়োজনে যৌথভাবে রয়েছে বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।
সহ-আয়োজক হিসেবে রয়েছে আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।
আগামী ১১ নভেম্বর বর্ণাঢ্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
