Logo
Logo
×

সারাদেশ

হঠাৎ শীতের দাপট, উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ

Icon

ঢাকা টুডে ২৪ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:২৫ পিএম

হঠাৎ শীতের দাপট, উত্তর ও পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ

দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ।

পৌষ মাস শুরু হলেও শীতের তেমন উপস্থিতি নেই—এমন আলোচনা চলার মধ্যেই হঠাৎ করে জেঁকে বসেছে শীত। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে চলতি মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে এই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানান, এসব এলাকায় শুরু হওয়া মৃদু শৈত্যপ্রবাহই চলতি শীত মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে সারা দেশে তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে শীতের তীব্রতা ও কুয়াশার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এতে বিমান চলাচল, নৌপরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের প্রভাবে দেশের ওপর শীতের প্রভাব বাড়ছে। উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে, যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আবহাওয়ায়।

এই আকস্মিক শীত সবচেয়ে বেশি ভোগান্তি তৈরি করেছে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে। কনকনে ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ ও ভাসমান জনগোষ্ঠী পড়েছেন চরম দুর্ভোগে।

রাজধানী ঢাকাসহ সারা দেশে গত পাঁচ দিনে শীতের অনুভূতি বেড়েছে মূলত তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে। এ সময়ে গড়ে তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। ঢাকায় চলতি শীত মৌসুমে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় ১৩ ডিগ্রি সেলসিয়াসে। এর আগের দিন ছিল ১৪ ডিগ্রি এবং তারও আগে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার দেশের অন্তত দুটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে, যা এ মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা

দেশে সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রায় ৯ ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের যশোরেও তাপমাত্রা নেমেছে একই পর্যায়ে।

ঢাকা বিভাগে ঢাকাসহ টাঙ্গাইল, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও ফরিদপুরে তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাজশাহী বিভাগে রাজশাহী, বগুড়া, পাবনা ও নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস, যেখানে মাঝারি শৈত্যপ্রবাহের অনুভূতি রয়েছে।

রংপুর বিভাগে শীতের তীব্রতা সবচেয়ে বেশি। তেঁতুলিয়ার পাশাপাশি দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধায় তাপমাত্রা ১০ থেকে ১১ ডিগ্রির মধ্যে অবস্থান করছে।

ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ ও নেত্রকোনায় তাপমাত্রা প্রায় ১১ ডিগ্রি সেলসিয়াস। সিলেট ও শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমেছে প্রায় ১২ ডিগ্রিতে। খুলনা বিভাগে খুলনা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির মধ্যে এবং বরিশাল বিভাগে তা ১২ থেকে ১৩ ডিগ্রির ঘরে রয়েছে। চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও কক্সবাজারে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও পাহাড়ি অঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে।

ভোর ও রাতের দিকে কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে শীতের প্রকোপ আরও বেড়ে যাচ্ছে। সকালবেলা কাজে বের হওয়া মানুষ, বিশেষ করে শ্রমজীবী ও পথচারীরা পড়ছেন চরম ভোগান্তিতে। চিকিৎসকদের মতে, ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। অনেক এলাকায় মানুষকে খোলা জায়গায় আগুন জ্বালিয়ে কিংবা অস্থায়ী উপায়ে উষ্ণতার ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন