আজিমপুরে লুটপাটের সময় অপহৃত শিশুটি মোহাম্মদপুরে উদ্ধার
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৯ পিএম
উদ্ধারকৃত কন্যাশিশু। ছবি: সংগৃহীত
রাজধানীর আজিমপুর থেকে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। শনিবার (১৬ নভেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
আজিমপুর থেকে শিশু অপহরণের ঘটনার বিস্তারিত তথ্য দুপুর ১২টার দিকে সাংবাদিকদের জানাবেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
গতকাল শুক্রবার সকালে লালবাগ থানার আজিমপুরের মেডিকেল স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে ফারজানা নামের এক নারীর শিশু সন্তানকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
জানা গেছে, ওই বাসায় আগের দিন বৃহস্পতিবার রাতে এক নারী সাবলেট হিসেবে উঠেছিলেন। গতকাল সকালে ওই নারীর কাছে আসা কয়েকজন ব্যক্তি বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ আট মাস বয়সী কন্যাশিশুকে নিয়ে গেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।
লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন বলেন, তাদের কাছে অভিযোগ, ডাকাতি করতে এসে দুর্বৃত্তরা মালামালের সঙ্গে বাচ্চা নিয়ে গেছেন। এ ধরনের ঘটনা বিরল। পুলিশ আসল রহস্য খুঁজে বের করতে এবং সম্পৃক্তদের ধরতে মাঠে নেমেছে।
