ইউআইইউ ক্যাম্পাসে ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ বইয়ের মোড়ক উন্মোচন ও সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পিএম
মোড়ক উন্মোচন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস (এসওবিই) আয়োজিত ‘রিভিজিটিং দ্য সিঙ্গাপুর স্টোরি: লেসন্স ইন নেশন বিল্ডিং’ শীর্ষক সেমিনার এবং ‘সিঙ্গাপুর: এ নেশন বিল্ডিং স্টোরি’ শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত।
বইটির লেখক ইউআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রোনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা। তিনি বইটিতে সিঙ্গাপুরের জাতি গঠন ও উন্নয়নের দীর্ঘ পথপরিক্রমা তুলে ধরেছেন। সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয়গুলো চিহ্নিত করাই বইটির মূল উদ্দেশ্য। সিঙ্গাপুর কিভাবে এগিয়েছে, বাংলাদেশ কি শিক্ষা নেবে এসকল বিষয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় অংশ নেন কূটনীতিক শিক্ষাবিদ, লেখক ও প্রকাশক।
সেমিনারের প্রধান অতিথি ঢাকার সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যান্ড হেড অব মিশন মি. ফিলিপ ওং বলেন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জাতীয় ঐক্য, সুশাসন, দুর্নীতিমুক্ত প্রশাসন ও কার্যকর পররাষ্ট্রনীতি সিঙ্গাপুরের উন্নয়নের মূল ভিত্তি। শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, প্রযুক্তি ও বিনিয়োগে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা দেশটিকে এগিয়ে নিয়েছে। তিনি আরও বলেন, স্বচ্ছতা, আইনের শাসন ও স্বাধীন প্রতিষ্ঠানের কার্যকারিতা অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বইটির লেখক ও প্যানেলিস্ট, ইউআইইউ’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. রাকিবুল মোস্তফা সিঙ্গাপুরে তার অভিজ্ঞতা ও বই লেখার প্রেক্ষাপট তুলে ধরে বলেন - দেশটির মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্বশীলতা, স্বনির্ভরতা এবং নিয়ম মেনে চলা, বিশেষ করে সরকারের প্রতি জনগণের আস্থা তাকে অনুপ্রাণিত করেছে। মায়ের চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুরে গিয়ে অর্জিত এসব অভিজ্ঞতা থেকেই তিনি বইটি লেখার অনুপ্রেরণা পান।
প্রকাশক ও প্যানেলিস্ট, দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) ব্যবস্থাপনা পরিচালক মিসেস মাহরুখ মহিউদ্দিন বলেন, বইটি সাধারণ কোনো গল্প নয়; বরং এটি একটি জাতির মেধা, মনন ও ঘুরে দাঁড়ানোর গল্প। এছাড়াও তিনি ভবিষ্যতেও পাঠকদের এমন আরও মানসম্মত বই উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষক ও প্যানেলিস্ট, সিঙ্গাপুর ও ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাইকমিশনার মো: মুস্তাফিজুর রহমান বলেন, সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও তিনি বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং মেধাভিত্তিক ব্যবস্থা অনুসরণের ফলেই সিঙ্গাপুর উন্নতির শিখরে পৌঁছেছে।
সেমিনারের মডারেটর, ইউআইইউ’র এসওবিই’র উপদেষ্টা প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, সিঙ্গাপুরের জাতীয় সক্ষমতা ও নিজস্ব শক্তি গড়ে তোলার মানসিকতা আমাকে মুগ্ধ করেছে। পাশাপাশি দেশটির পর্যটনশিল্পের প্রশংসা করে বলেন, দুই দেশের মধ্যে শিক্ষাবিষয়ক ধারণা ও অভিজ্ঞতা বিনিময় করা গেলে উভয় দেশই উপকৃত হবে। এছাড়াও তিনি সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সাবেক রাষ্ট্রদূত ডা: মো: জুলফিকার রহমান। অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থী, শিক্ষক, গবেষক ও অন্যান্য অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
