কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী
ঢাকা টুডে ২৪ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০:৩৯ পিএম
বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
তিনি বলেছেন, এ ক্ষেত্রে সরকারবিরোধী দলের পূর্ণ সহযোগিতা পাবে বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি আশা করেন, দেশে আর কোনোভাবেই যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং দেশ তাঁবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে, সে জন্য জাতীয় ঐক্য অটুট থাকবে।
আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। গত ৭ জুন থেকে শুরু হওয়া এই অধিবেশন আজ শেষ হয়েছে।
অধিবেশনে মোট ২৬টি কার্যদিবস ছিল। বাজেট পাস হয় ৩০ জুন। অধিবেশনে মোট ১০টি বিল পাস হয়েছে। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ২৭৮টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে ৩৫টি প্রশ্নের উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের জন্য ৫ হাজার ৩১টি প্রশ্ন জমা পড়ে এবং ৩ হাজার ৪৭৪টি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এ অধিবেশনে সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটিসহ মোট ১১টি কমিটি গঠিত হয়েছে।
সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কোনোভাবেই কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল বিভিন্ন বিষয়ে এই সংসদে কোনো কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সঙ্গে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে, উগ্রবাদ ও চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না—এ ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাব।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি, সেই বাংলাদেশ যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোনো রকম ঠাঁই হবে না। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না।’ দেশে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় হয়েছে বলে মনে করেন তারেক রহমান। সে কারণে পারিবারিক মূল্যবোধ ফিরিয়ে আনা অত্যন্ত জরুরি এবং প্রতিটি পরিবার এ ক্ষেত্রে দায়িত্ব পালন করবে বলে তিনি আশা করেন।
