শেখ হাসিনাকে বাংলাদেশের ‘সাবেক প্রধানমন্ত্রী’ মনে করে ভারত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪২ পিএম
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বিবেচনা করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এ সময় রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন রাখা হয়, ভারত শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী না-কি নির্বাসিত প্রধানমন্ত্রী হিসেবে দেখে। জবাবে তিনি জানান, এ বিষয়ে আগেই ব্যাখ্যা দিয়েছে দিল্লি। এখনও আগের অবস্থানই বহাল রয়েছে।
রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এখান থেকে আগেই বলেছি যে শেখ হাসিনা বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী। সুতরাং এ বিষয়ে আমাদের অবস্থান এটাই।’
গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন।
ক্ষমতার
পালাবদলের পর শেখ হাসিনার নামে সারাদেশে অসংখ্য হত্যা মামলা হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গণহত্যা ও গুমের একাধিক অভিযোগ দায়ের
হয়েছে। এরই মধ্যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।
