Logo
Logo
×

রাজনীতি

ছাত্রশিবির ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Icon

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম

ছাত্রশিবির ছাড়লেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ সভাপতি (ভিপি) ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।

সোমবার (১৩ জুলাই) শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা এই তথ্য নিশ্চিত করেছেন।

ছাত্রশিবির ছাড়ার বিষয়ে সাদিক কায়েম জানান, সংগঠনটিতে বছরে দুইবার সেটআপ পরিবর্তন হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক (ছয় মাসের) সেটআপে তার আনুষ্ঠানিক বিদায় হয়েছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ সমন্বয়ের দায়িত্বে থেকে বেশ আলোচনায় আসেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষিত হয়েছে। গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

ওই ঘোষণার পরই ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, শিবিরের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সাংগঠনিক সুযোগ নেই। এই আলোচনার মধ্যেই শেষ পর্যন্ত ছাত্রশিবিরকে বিদায় জানালেন তিনি। সংশ্লিষ্টদের ধারণা, এরপর তিনি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সাদিক কায়েমের শিক্ষাজীবন শুরু হয় খাগড়াছড়িতে। তিনি ২০১৪ সালে বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং ২০১৬ সালে বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

ঢাকা টুডের একটি প্রকাশনা

অনুসরণ করুন