ইয়ামাল ও এমবাপ্পে
ফুটবলের মাঠে প্রতিভার লড়াই নতুন কিছু নয়। তবে এবার সেই লড়াই ছাড়িয়ে গেছে অর্থনৈতিক মূল্যেও। বাংলাদেশ সময় আজ রাত ১টায় ফাইনালে ওঠার লক্ষ্যে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন। এই ম্যাচকে ঘিরে প্রকাশিত এক পরিসংখ্যান ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।
স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস–এর তথ্য অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের সম্মিলিত বাজারমূল্য ৩০০ কোটি ডলারেরও বেশি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৭ হাজার কোটি টাকারও বেশি। খেলোয়াড়দের বাজারমূল্যের বিচারে এটিই ফুটবল ইতিহাসের সবচেয়ে মূল্যবান সেমিফাইনাল।
বাজারমূল্যের হিসাবে এগিয়ে রয়েছে ফ্রান্স। ফরাসি দলের মোট মূল্য প্রায় ১৭৮ কোটি ডলার, আর স্পেনের স্কোয়াডের মূল্য প্রায় ১৪৩ কোটি ডলার। অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান প্রায় ৩৫ কোটি ডলার।
ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় শীর্ষে রয়েছেন স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। তার বর্তমান বাজারমূল্য প্রায় ২৩.৪ কোটি ডলার। ঠিক তার পরেই রয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে, যার মূল্য প্রায় ২১ কোটি ডলার। ফ্রান্সের মাইকেল ওলিসে এবং স্পেনের পেদ্রির বাজারমূল্যও সমান—প্রায় ১৭.৫ কোটি ডলার।
শুধু এই চার তারকাই নন, দুই দলের আরও সাতজন ফুটবলারের প্রত্যেকের বাজারমূল্য ১১.৭ কোটি ডলার বা তারও বেশি। এছাড়া অন্তত ৫.৮ কোটি ডলারের বাজারমূল্য রয়েছে মোট ২২ জন খেলোয়াড়ের। এর মধ্যে ১৫ জন ফ্রান্সের এবং ৭ জন স্পেনের, যা ফরাসি স্কোয়াডের গভীরতারই ইঙ্গিত দেয়।
পজিশনভিত্তিক বিশ্লেষণে অবশ্য গোলরক্ষকদের ক্ষেত্রে এগিয়ে স্পেন। তাদের তিন গোলকিপারের সম্মিলিত বাজারমূল্য প্রায় ১১.৪ কোটি ডলার, যেখানে ফ্রান্সের তিন গোলরক্ষকের মোট মূল্য প্রায় ৬.৭ কোটি ডলার।
রক্ষণভাগে পাল্লা ভারী ফ্রান্সের। ফরাসি ডিফেন্ডারদের সম্মিলিত বাজারমূল্য প্রায় ৪৭.৩ কোটি ডলার, বিপরীতে স্পেনের ডিফেন্ডারদের মূল্য প্রায় ৩৩.৭ কোটি ডলার।
অন্যদিকে মাঝমাঠে আধিপত্য স্পেনের। স্প্যানিশ মিডফিল্ডারদের মোট বাজারমূল্য প্রায় ৪৯.১ কোটি ডলার, যেখানে ফ্রান্সের মিডফিল্ডারদের মূল্য প্রায় ৩৬.৫ কোটি ডলার।
তবে সামগ্রিক ব্যবধান গড়ে দিয়েছে আক্রমণভাগ। ইয়ামালের মতো বিশ্বের সবচেয়ে দামি তরুণ ফুটবলার স্পেনের হয়ে খেললেও ফ্রান্সের উইঙ্গার ও স্ট্রাইকারদের সম্মিলিত বাজারমূল্য পৌঁছেছে প্রায় ৮৭.৭ কোটি ডলারে। তুলনায় স্পেনের আক্রমণভাগের মোট মূল্য প্রায় ৪৮.৮ কোটি ডলার।
অর্থের বিচারে ফ্রান্স এগিয়ে, প্রতিভার বিচারে স্পেনও কোনো অংশে পিছিয়ে নয়। তাই ৩৭ হাজার কোটি টাকার এই তারকাসমৃদ্ধ লড়াইয়ে শেষ পর্যন্ত কে ফাইনালের টিকিট নিশ্চিত করবে, সেই উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটেই।
